Sylhet Today 24 PRINT

চা-শ্রমিক ও পাত্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০২২

বেসরকারী উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর উদ্যোগে সিলেট সদর উপজেলার মিলনায়তনে লাক্কাতুরা, মালনী ছড়া, কেওয়া ছড়া, দলদলি চা-বাগানের চা শ্রমিক এবং খাদিমনগর ইউনিয়নের আলাইবহর গ্রামের পাত্র নৃতাত্তিক জনগোষ্ঠীর প্রায় দেড় শতাধিক শিশুদের বিনামূল্যে শিক্ষা উপকরণ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার, টুকেরবাজার ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম খালেদ এবং সদস্যা দিপালী গোয়ালা।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বলেন, একডো কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। কারণ কোভিড-১৯ এর কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর সংস্থাটি এই এলাকার পিছিয়ে পড়া চা শ্রমিক এবং পাত্র জনগোষ্ঠীর শিশুদের জন্য শুধু শিক্ষা উপকরণ নয়, বরং কোভিডকালীন শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষা উপকরণের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করছে। দেশে বর্তমানে কোভিড পরিস্থিতি ক্রমশ: উন্নতির দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, তবু আমাদের সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়সহ সবজায়গায় যাতায়াত করা অতি জরুরী।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার বলেন, চা-শ্রমিক এবং পাত্র নৃতাত্তিক জনগোষ্ঠীসহ সবার উন্নতি নিশ্চিত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই তিনি স্থানীয় চা-বাগানগুলোতে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য স্থানীয় চা-শ্রমিক নেতৃবৃন্দকেই এগিয়ে আসার আহবান জানান।

বিশেষ তিথির বক্তব্যে ইউপি সদস্য আবুল কাশেম খালেদ এবং দিপালী গোয়ালা চা-শ্রমিক শিশুদের শিক্ষা সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য আয়েজক সংস্থা একডো’কে ধন্যবাদ জানান। সবশেষে উপস্থিত অতিথিগণ দেড়শতাধিক চা-শ্রমিক এবং পাত্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণের পাশাপাশি হাত ধোয়ার সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং বিদ্যালয়ে হাত ধোয়ার জন্য পানি রাখার কন্টেইনার বিতরণ করে।

উল্লেখ করা প্রয়োজন যে, একডো’র সমন্বয়কারী নোংপকলৈ সিনহার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রকল্প সমন্বয়কারী মুর্শিদা রহমান একটি প্রতিবেদন উপস্থাপন করেন। উল্লেখ্য যে, একডো বিগত ২০১৫ সাল থেকে ‘এডুকেশন সাপোর্ট ফর মার্জিন্যালাইজড চিলড্রেন এ্যান্ড প্রমোটিং মনিপুরী ল্যাংগুয়েজ’ প্রকল্পের অধীনে অত্র এলাকার চা শ্রমিক এবং পাত্র শিশুদের ‘এডুকেশন সাপোর্ট সেন্টার’ কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন বিদ্যালয় শুরুর পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিজ ভাষাভাষীর শিক্ষক নিয়োগের মাধ্যমে দ্বি-ভাষিক পদ্ধতিতে তাদের পাঠদান করা হয়। তাছাড়া সেখানে অধ্যয়নরত সকল শিশুদের সারাবছরের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.