Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে দোকানের তালা ভেঙে সয়াবিন তেল চুরি

মৌলভীবাজার প্রতিনিধি |  ১০ মার্চ, ২০২২

মৌলভীবাজার শহরের বনবিথি এলাকায় একটি দোকানের তালা ভেঙে সয়াবিন তেল চুরির অভিযোগ উঠেছে। বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে মানুষ লক্ষ করেন যে বনবিথি এলাকার সুমাইয়া ভ্যারাইটিজ স্টোরের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে আছে। কিন্তু তখন বিষয়টিকে মানুষ স্বাভাবিক ভাবে নিয়েছিলেন। তবে সকালে যখন মালিক দোকানে আসেন তখন দেখতে পান তালা ভেঙে সয়াবিন তেলসহ অনেক মালামাল চুরি হয়ে গেছে।

দোকানের মালিক শাহেদ বলেন, আমাদের দোকানের তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে। প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, মৌলভীবাজারের আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। এখানে চুরির ঘটনা খুব কম ঘটে। তবে সব দিক দিয়ে বর্তমানে পরিস্থিতি ভাল আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.