Sylhet Today 24 PRINT

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেটে সিপিবির বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক: |  ১০ মার্চ, ২০২২

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেট বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেল সাড়ে চারটায় নগরের সিলেট সিটি পয়েন্টের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছানের সভাপতিত্বে ও সিপিবি নেতা নিরঞ্জন দাস খোকনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিপিবি নেতা দেবব্রত পাল মিন্টু, বিশিষ্ট আইনজীবী একেএম শিহাব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক ও আহ্বায়ক মনীষা ওয়াহিদ।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার সহ সভাপতি রতন দেব, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য মতিউর রহমান, সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক এসকে শাকিল, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সহসভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘সরকার বাজার সিন্ডিকেটের মাধ্যমে মানুষের পকেট কেটে নিচ্ছে। দেশে আড়াই কোটি মানুষ বেকার ও তিন কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। শ্রমিক ও কর্মজীবী মানুষদের মজুরি-বেতনও বাড়েনি। নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম লাগামহীন বৃদ্ধি পাওয়ায় দেশের ৯৯ শতাংশ মানুষের ক্রয়ক্ষমতায় বিপর্যয়কর ধস নেমেছে। এ অবস্থায়ও তেলসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা মনে করি বাণিজ্যমন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘অবিলম্বে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে। তা না হলে সারাদেশের জনগণকে নিয়ে হরতালসহ নানা কর্মসূচি দেওয়া হবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে। মূল্যবৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.