Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশায় বারেক মিয়া (৬৫) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বারেক মিয়া নেত্রকোনা জেলার মোহনগঞ্জের মাইলোড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাটিকাটা এলাকায় ধর্মপাশা-মধ্যনগর রাস্তার পূর্বপাশের ডোবায় একজনের লাশ দেখতে পান এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং মরদেহের সাথে থাকা মানিব্যাগের ভেতরে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বারেক মিয়াকে শনাক্ত করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.