Sylhet Today 24 PRINT

পিকআপভ্যানে ওঠতে গিয়ে গাড়ি চাপায় মারা গেলো শিশুটি

কুলাউড়া প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া চলতি পিকআপভ্যানে দৌঁড়ে ওঠতে গিয়ে হাত ফসকে গাড়ির নিচে চাপা পড়ে আহাদুর রহমান আহাদ (১১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌর এলাকার দত্তরমুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহাদ ওই এলাকার বাসিন্দা ইছবর আলীর ছোট ছেলে।

আহাদের বড় ভাই ফাহিম আহমদ সিলেটটুডে ২৪কে এ তথ্য নিশ্চিত করে জানান, আহাদ স্থানীয় আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সোমবার সকালে বাড়ির পাশে শিশু আহাদ একটি চলতি পিকআপভ্যানের পিছনে ওঠতে যায়। এ সময় পিকআপভ্যান চালক গাড়িটি ঘুরানোর জন্য পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে হাত ফসকে আহাদ গাড়ির নিচে চাপা পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় সিলেটটুডেকে বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া শিশুর অভিভাবকদের কোন অভিযোগ নেই। যথাযথ প্রক্রিয়ায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.