Sylhet Today 24 PRINT

গোয়ালঘরে ২৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গ

মাধবপুর প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে ২৮ কোটি টাকা মূলের কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এর ওজন ২৭ কেজি ৯০০ গ্রাম বলে জানা গেছে।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুণ সরকারের বাড়ির গোয়ালঘর থেকে ওই মূর্তিটি উদ্ধার করে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় বাড়ির মালিক অরুণ সরকারকেও আটক করা হয়েছে। অরুণ উত্তর সুরমা গ্রামের অনুকূল সরকারের ছেলে।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক আরও জানান, কয়েক বছর আগে অরুণের বাড়িতে পাঁকা ঘর বানাতে মাটি খোঁড়াখুঁড়ি করতে গিয়ে ওই কষ্টিপাথরের মূর্তিটি পাওয়া যায়। এরপর এটি গোপন স্থানে লুকিয়ে রাখেন তিনি। কিছু দিন আগ থেকে অরুণ মূর্তিটি বিক্রির চেষ্টা চালায়। মূর্তিটি তার বসতঘরের পাশে গরু রাখার গোয়ালে একটি চটের বস্তা দিয়ে ঢেকে রাখেন। তবে দর দামে বনিবনা না হওয়ায় বিক্রি হয়নি।

এরই মধ্যে পুলিশ গোপনসূত্রে মূল্যবান মূর্তিটি অরুণের হেফাজতে রয়েছে, এ খবর পুলিশ নিশ্চিত হয়ে যায়। এর পরই রোববার রাতে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধারে নামে পুলিশ। কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে অরুণের বসতঘরের পাশে গোয়ালঘরে মাটির ওপর চটের বস্তা দিয়ে মোড়ানো মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

সূত্রমতে তথ্য পাওয়া যায়, পরে মূর্তিটি কষ্টিপাথরের কিনা তা যাচাইয়ের জন্য ডাকা হয় স্বর্ণকারকে। উদ্ধার হওয়া মূর্তির মূল্য প্রায় ২৮ কোটি টাকা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.