Sylhet Today 24 PRINT

উন্নয়ন হচ্ছে, ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অন্য যে কোন সরকারের তুলনায় আমাদের সরকারের নেতৃত্বে দেশে যথেষ্ট উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে। আপনারা দেশের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন। নেপাল, ভুটান, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশের লোকজন আমাদের দেশের অগ্রগতি নিয়ে উদাহরণ দেন। উন্নয়নের কোন বিষয়ে কথা বললেই আমাদের দেশের নাম দিয়ে উদাহরণ টানেন তারা। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

সোমবার (১৪ মার্চ) বিকাল ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের হাওর অঞ্চলে অতি দ্রুত স্বাস্থ্য সেবার দুর্দশা কাটতে যাচ্ছে। আজ যে যাত্রা শুরু হলে সে যাত্রা শেষ যাত্রা নয়। আমাদের লক্ষ আরও দূর। ৫শ শয্যা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের কাজ দ্রুত এগুচ্ছে। আমরা স্বাস্থ্য সেবায়ও পিছিয়ে থাকবো না। দেশে যে উন্নয়ন হচ্ছে এসব তার জলজ্যান্ত প্রমাণ। আরও উন্নয়ন হবে। দেশ আরও এগিয়ে যাবে।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জসীম উদ্দিন শরিফীর সভাপতিত্বে ও মেডিক্যাল অফিসার ডা. আফরিন আক্তারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক হিমাংশু লাল রায়, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ও সুনামগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আহমেদ হোসেন, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোজিত মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবদুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি মো. মোক্তাদির হোসেন।

সভার শুরুতেই কেক কেটে শান্তিগঞ্জ উপজেলার নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিসহ অতিথিবৃন্দরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.