Sylhet Today 24 PRINT

মকবুল হোসেন লেচু মিয়ার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০২২

ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

শুক্রবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সৈয়দ মকবুল হোসেন একজন জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। ড. মোমেন মুক্তিযুদ্ধে সৈয়দ মকবুল হোসেনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকারের ওয়েজ আর্নার স্কিমের সফলতায় সৈয়দ মকবুল হোসেনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সৈয়দ মকবুল হোসেন সে সময় ওয়েজ আর্নার স্কিম সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন এবং এই স্কিমের সফলতা এসেছিল।

ড. মোমেন বলেন, জনপ্রতিনিধি ও সমাজসেবক হিসেবে সিলেটের উন্নয়নে, সাধারণ মানুষের কল্যাণে তিনি যে অবদান রেখে গেছেন তা সিলেটবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

পররাষ্ট্রমন্ত্রী মরহুম সৈয়দ মকবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মকবুল হোসেন মৃত্যুবরণ করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.