Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি: |  ২০ মার্চ, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে লালচান চা বাগানের আশীষ বাউরী (৩২) হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার আমতলী চা বাগন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নিহতের বড় ভাই নানকা বাউরী (৫০), তার স্ত্রী সবিতা বাউরী (৪৫), রামকৃষ্ণ বাউরী (২৩), কৃষ্ণা বাউরী (১৫)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে শনিবার (১৯ মার্চ) বিকেলে প্রধান আসামি নানকা বাউরী হত্যার দায় স্বীকার করে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফখরুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

আসামির বরাত দিয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ রাত ১০টায় জানান, ঘটনার আগের দিন সকালে তার (নানকা বাউরীর) মেয়ে কৃষ্ণা বাউরীকে ধর্ষণের চেষ্টা করে আপন চাচা (নিহত) আশীষ বাউরী। বিষয়টি কৃষ্ণা তার পিতাকে জানায়। এ সময় নানকা বাউরী ক্ষিপ্ত হয়ে ঘরে ডেকে এনে দারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গলা কেটে ভাইকে হত্যা করে। আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন নানাকা বাউরী। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে প্রায় ৫ মাস নানকা বাউরী পরিবার নিয়ে পলাতক ছিলেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৫ অক্টোবর চুনারুঘাট উপজলোর লালচান চা বাগানের দেবেন্দ্র বাউরীর বড় ছেলে নানকা বাউরীর তালাবদ্ধ ঘরে মরদেহের গন্ধ ভেসে আসে। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে আশীষ বাউরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতর মেজ ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.