Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে মাদকাসক্ত ভাগ্নের ছুরির আঘাতে মামী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মামিকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ভাগ্নে। রোববার (২০ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার পূর্ব বাগুনীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মিনা বেগম (৩০)।  

নিহত মিনার স্বামী দিনমজুর ইউনুস আলী জানান, চুনারুঘাট উপজেলার লালিয়ার পাড় গ্রামের মৃত আনোয়ার মিয়ার পুত্র শুকুর আলী ওরফে এমরান মিয়া তার আপন ভাগ্নে। এমরান মাদকাসক্ত। চুরিসহ অসামাজিক কাজে জড়িত থাকায় তাকে তারা এড়িয়ে চলতেন।

ইউনুস আলী ভ্যান গাড়ি দিয়ে বেকারির মালামাল বিভিন্ন দোকানে সরবরাহ করেন। ইতিপূর্বে এমরান নেশার টাকা যোগাতে ইউনুস মিয়ার ৩টি ভ্যান গাড়ি চুরি করে বিক্রি করে ফেলে। দুই দিন আগে সে তাদের বাড়িতে আসে। গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে। ইউনুস মিয়া তখনও বাজারে।  

রাত প্রায় ১১ টার দিকে মিনা বেগমের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে ঘরের অন্য রুমে থাকা ছেলে-মেয়েরা দৌঁড়ে আসে। আর মিনা বেগমকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে বাড়ির লোকজন এসে রক্তাক্ত মিনাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগ থেকে ওয়ার্ডে নেয়ার সঙ্গে সঙ্গে মিনা বেগম মারা যান। এদিকে ঘটনার পরপরই ঘাতক এমরান মিয়া পলাতক আছে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি আলী অজয় দেব জানান, পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.