নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ, ২০২২
সিলেটের বেসরকারি টেলিভিশন এনটিভি’র স্টাফ রিপোর্টার ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক মারুফ আহমদকে অপহরণ চেষ্টার প্রধান আসামী শামীম আহমদ ও সোহেল রানা নামক ২জনকে রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর জালালাবাদ থানার শহরতলীর মইয়ারচর গ্রামের তজমুল আলীর ছেলে শামীম ও একই এলাকার সোহেল রানা।
জানা যায়, সোমবার (২১ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে নগরীর জিন্দাবাজার ব্ল-ওয়ার্টারের আন্ডারগ্রান্ডে তিন যুবক তাকে অপহরণ চেষ্টা করলে লোকজন এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় ওই তিন যুবক সাংবাদিক মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।
সাংবাদিক মারুফ আহমদ বলেন, ‘ব্লু-ওয়ার্টারের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল পার্কিং করার সময় হঠাৎ করে তিন যুবক মিলে তার উপর হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্টা চালান। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।’
তিনি বলেন, ‘লোকজন এগিয়ে আসলে ওই তিন যুবক আমার মানিব্যাগ, নগদ সাতানব্বই হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। যাবার সময় আমাকে সুযোগে পেলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়।’
হামলার পুরো ঘটনা ব্লু-ওয়াটার মার্কেটের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিৃশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, ‘হামলার ঘটনায় প্রধান আসামীসহ ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।’