বানিয়াচং প্রতিনিধি | ২৪ মার্চ, ২০২২
বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে অবস্থিত আমবাগান উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেছেন হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন ভবন উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে সব ধরনের ব্যয়কে বিনিয়োগ হিসেবে নিয়েছেন। সারা দেশের ন্যায় বানিয়াচং আজমিরীগঞ্জও শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। প্রত্যন্ত এলাকায় থেকেও শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা গ্রহন করার সুযোগ পাচ্ছে। এমপি মজিদ খান আরো বলেন-ভবিষ্যত প্রজন্মকে একটি শিক্ষিত ও দক্ষ জাতি হিসেবে তৈরী করতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে বর্তমান সরকার। এ সময় তিনি করোনা মহামারীর সময়ে স্কুল বন্ধ থাকার ক্ষতি কাটিয়ে উঠতে সামনের দিনে শিক্ষকদেরকে পাঠদানে বেশি গুরুত্ব দেয়ার আহবান জানান।
আমাবাগান উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের সভাপতিত্বে ও স্কাউটার প্রমথ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমিন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মনসুল উদ্দিন আহমেদ ইকবাল, রোটারিয়ান রেজাউল মোহিত খান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা,বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া,৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরফান উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপুল ভুষণ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, পাড়াগাঁও সাতমহল্লার সর্দার শাহজাহান মিয়া প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আমবাগন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ছাদেক।
অনুষ্ঠানের ফাঁকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্রী নাহিদা আক্তার ও গীতা পাঠ করেন একই শ্রেণীর ছাত্রী রুপন্তী রাণী দাশ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনটি নির্মাণ কাজ সমাপ্ত করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।