Sylhet Today 24 PRINT

স্থগিত হওয়া সিলেট জেলা বিএনপির কাউন্সিল ২৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মার্চ, ২০২২

স্থগিত হওয়া সিলেট জেলা বিএনপির কাউন্সিল আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে কাউন্সিলের এই নতুন তারিখ তারিখ নির্ধারণ করা হয়।

গত ২১ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা থাকলেও ঠিক আগের দিন কেন্দ্র থে‌কে তা স্থগিত করা হয়। পরবর্তীতে সৃষ্টি হয় একের পর নাটকীয় পরিস্থিতির।

ভোটার তালিকা নিয়ে কেন্দ্রের অস্বচ্ছতার প্রশ্ন তোলা, ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন, ‘কেন্দ্রের চাপে’ কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী সিলেট সিটি করপোরেশরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা প্রত্যহার এবং নমিনেশন যাচাই-বাছাই করে একেবারে শেষ মুহুর্তে দুই প্রার্থী অবৈধ ঘোষণা করাসহ পরিস্থিতি নানা নাটকীয় মোড় নেয়।

এরপর জেলা বিএনপির পক্ষ থেকে ২৭ মার্চ সম্মেলন করার অনুমতি চেয়ে কেন্দ্রে চিঠি দেওয়া হয়। তবে বৃহস্পতিবার কেন্দ্র থেকে ২৯ মার্চ কাউন্সিল ও সম্মেলনের তারিখ পুণঃনির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

তিনি জানান, সম্মেলন ও কাউন্সিলের জায়গা পরিবর্তন হয়নি। সিলেট আলিয়া মাদরাসা মাঠেই হবে সম্মেলন।

উল্লেখ্য, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ।

এবারের কাউন্সিলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তবে কেন্দ্রের একরকম চাপে তিনি গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.