Sylhet Today 24 PRINT

কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ নেই ৩ উপজেলায়

কুলাউড়া প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০২২

মৌলভীবাজের কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কুলাউড়াসহ তিন উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

রোববার (২৭ মার্চ) সকাল ৮টায় কুলাউড়া বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, রোববার সকাল ৮টার দিকে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কন্ট্রোল রুমে আকস্মিকভাবে আগুন লাগে। আগুনে কন্ট্রোল রুমের ব্রেকার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এই তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সুলায়মান আহমদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওয়্যারহাউস ইন্সপেক্টর সুলায়মান আহমদ জানান, বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুমে পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি।

কুলাউড়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি জানান, কন্ট্রোল রুমের মেরামত কাজ শুরু করা হয়েছে। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.