Sylhet Today 24 PRINT

সিলেটে ঢিলেঢালা হরতাল

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০২২

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশের মত সিলেটেও সোমবার (২৮ মার্চ) বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। তবে সিলেটে নাগরিক জীবনে হরতালের তেমন কোন প্রভাব পড়েনি। বরং সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে বাস ছেড়ে যেতে দেখা গেছে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে একটি খণ্ড মিছিল বের হয়। মিছিলটি সুরমা পয়েন্ট ঘুরে সিটি পয়েন্টে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে অংশ নেন নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, চাল-ডাল-পিঁয়াজ-সিলিন্ডার গ্যাসসহ অতি জরুরি খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের যা দাম বেড়েছে দেশে তার তুলনায় অনেক বেশি দাম বাড়ানো হয়েছে। আর গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হচ্ছে পুরোপুরি খামখেয়ালিভাবে। এসব খাতের চুরি, দুর্নীতি, লুটপাট আর অব্যবস্থাপনার দায় চাপানো হচ্ছে ভোক্তাদের ওপর। আসলে সরকার ও অসৎ ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে তুলেছে। কথিত উন্নয়নের কথা বলে নিজেদের চুরি, দুর্নীতি ও লুটপাটকে আড়াল করার চেষ্টা করছে তারা। এভাবে সঙ্কীর্ণ স্বার্থে দেশ ও জনগণকে তারা অনিশ্চিত অন্ধকারে ঠেলে দিয়েছে। এ অবস্থায় আন্দোলন গড়ে তোলা ছাড়া মুক্তি নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.