Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০২২

মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।  বুধবার দুপুর ১২টার দিকে রাজনগর উপজেলার মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. জাহিদুল ইসলাম (২৪)। তিনি বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুল মোটরসাইকেল চালিয়ে মৌলভীবাজার থেকে বড়লেখা ফিরছিলেন। এ সময় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ জাহিদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.