Sylhet Today 24 PRINT

সাদা পাথরে বেড়াতে এসে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে মো. জুনাইদ আহমদ (২৪) নামে ওই শিক্ষার্থী পানিতে ডুবে মারা যান।

জুনাইদ নেত্রকোনা জেলার বরুনা গ্রামের মো. নিয়ামুল কবীরের ছেলে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র।

জুনায়েদের সহপাঠী সাইদুর রহমান বলেন, ‘আমরা বন্ধুরা ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে যাই। সেখানে পাথরে পা পিছলে পড়ে যায়। পাথরে তার মাথায় আঘাত লাগলে অচেতন হয়ে নদীর স্রোতের সঙ্গে তলিয়ে যায়।

‘আমরা স্থানীয়দের সহযোগিতায় সেখানে জুনায়েদকে খোঁজা শুরু করি। প্রায় দেড় ঘণ্টা পর তার দেহ পাওয়া যায়। তাকে কোম্পানিগঞ্জ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী সাদা পাথর বেড়াতে আসেন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে প্রচন্ড স্রোতে জুনাইদ আহমদ পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে বিকাল ৪টায় তার লাশের সন্ধান পান এবং তারা লাশ উদ্ধার করেন।

ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.