Sylhet Today 24 PRINT

রূপকের চিকিৎসার্থে ‘নোঙর’র আর্থিক সহায়তা প্রদান

শাবিপ্রবি প্রতিনিধি: |  ০৩ এপ্রিল, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মজিবুর রহমান রূপকের দুটি কিডনি অকেজো হয়ে গেছে। তার চিকিৎসার্থে ‘তিন লক্ষ টাকা’ আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের মিউজিক্যাল বিষয়ক সংগঠন নোঙর।

রোববার (৩ এপ্রিল) দুপুরে লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের কাছে এ টাকা হস্তান্তর করা হয়।

এসময় সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত বলেন, লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মজিুবুর রহমান রূপকের দুটি কিডনি বিকল হয়ে গেছে। তার চিকিৎসার জন্য পঞ্চাশ লাখ টাকা প্রয়োজন। যা তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তার চিকিৎসার্থে নোঙ্গরের পক্ষ থেকে তিন লাখ টাকা হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, গত মাসের ২৪ তারিখে আমরা রূপকের চিকিৎসার টাকা সংগ্রহ করার জন্য ক্যাম্পাসে 'সিগভিন্সির' নামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করি। কনসার্টে বিক্রিত টিকেট ও দর্শকদের বাড়তি সহযোগিতায় ৩ লাখ ১ হাজার ৬শ টাকা সংগ্রহ করা হয়। রূপক দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা।

এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, রূপকের চিকিৎসার জন্য নোঙরের পক্ষে থেকে ৩ লক্ষ টাকা হস্তান্তর করেছে। আমরা এ টাকা রূপকের চিকিৎসা ফান্ডে টাকা জমা করে দিব।

টাকা হস্তান্তরকালে সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও লোকপ্রশাসন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি সামিউল ইসলাম, নোঙরের সহ সভাপতি রিফাত হাসান খান, মোজাক্কির আহমেদ, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, সহ সাধারণ সম্পাদক তানভীর রহমান আদিল এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.