Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে র‌্যাব সদস্য নিহতের ঘটনায় পিকআপ চালক আটক

চুনারুঘাট প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে র‌্যাব সদস্য মাহমুদুল হাসান (৩৫) নিহতর ঘটনায় পিকআপ চালক রাসেলকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটক রাসেল দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকার মৃত কবির মিয়ার ছেলে।

শনিবার দিবাগত রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলী আশরাফের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত চম্পক দামসহ একদল পুলিশ দেওরগাছ এলাকার মানিক মিয়া নামে এক ব্যক্তির বাড়ি থেকে আটক করেন। পরে তার তথ্যমতে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ৫ কিলোমিটার অদূরে দৌলতখাআবাদ এলাকা থেকে ডিআই পিকাপভ্যান (নং ঢাকা মেট্রো ন ১৯-২৬৩৯) উদ্ধার করা হয়।

এর আগে শনিবার রাত সাড়ে ৯টায় শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মাহমুদুল হাসান (৩৫) যশোর জেলার বাসিন্দা এসএম মুরাদ হোসেনের ছেলে।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের দুই সদস্য মোটরসাইকেলে করে দায়িত্ব পালনে বের হয়েছিলেন। চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুইজন গুরুতর আহত হন। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন।

রাত সাড়ে ১০টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টারে করে আহত অপর র‌্যাব সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম সাখাওয়াত আবু তাহের। তিনি শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কনস্টেবল। তিনি চাঁদপুর জেলার বাসিন্দা ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন , নিহতর ঘটনায় বিকেল ৩টায় র‍্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ডিএডি জাহিদুল বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.