Sylhet Today 24 PRINT

টিপ পরায় নারীকে হেনস্থা: প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০২২

কপালে টিপ পরে হেনস্তার শিকার হন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দার। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।

সোমবার (৪ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় বলেন, দিনদিন বাংলাদেশ উন্নত হচ্ছে, বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিত হচ্ছে। তবে মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরা এখনো পিছিয়ে। তাছাড়া শালীনতা বজায় রেখে যেকোনো ধরনের পোশাক পড়লে সে ক্ষেত্রে সবার সম্মান জানানো উচিত। একজন নারীকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যে মন্তব্য করেছেন তা অত্যন্ত কুরুচিপূর্ণ। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কটুক্তি করা সেই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। এরকম ঘটনা বাংলাদেশে পুনরাবৃত্তি না ঘটুক তার এর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। তাই সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে কারো উপর কোন আঘাত করা আমাদের কাম্য নয়। প্রভাষক লতা সমাদ্দারের সাথে যে ঘটনা ঘটেছে এর সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শাবিপ্রবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. নারায়ন সাহা, সাংস্কৃতিক সম্পাদক পূরবী চ্যাটার্জী।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.