Sylhet Today 24 PRINT

‘ডুবছে হাওর কাঁদছে কৃষক, দায় কার’

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০২২

হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেছেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি পিআইসি গঠনের অনিয়ম করা হয়েছে। এ কারণেই হাওরের বাঁধের করুণ অবস্থা। আমরা বলেছিলাম স্বচ্ছতা রেখে কাজ করার জন্য। কিন্তু তারা সেটি করেননি।

‘সারা জেলায় ১২১ কোটি টাকার বাঁধ নির্মাণ করা হয়েছে। এই টাকাগুলো গেল কোথায়? আজ কেন প্রশাসন স্থানীয় মানুষকে বাঁধে এগিয়ে আসতে বলে। সরকার এত টাকা দেওয়ার পরও আজ কৃষক কেন যাবেন বাঁধ রক্ষা করতে?’

সুনামগঞ্জে ফসলডুবির প্রতিবাদে বুধবার (৬ এপ্রিল) সকালে ‘ডুবছে হাওর কাঁদছে কৃষক, সুনামগঞ্জে হাওর ডুবির দায় কার’ প্রতিপাদ্যের মধ্য দিয়ে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতৃবৃন্দরা। মিছিল-পরবর্তী এক সমাবেশে উপরোক্ত কথা বলেন বিজন সেন রায়।

অপরিকল্পিত বাঁধ নির্মাণ, অনিয়ম, ব্যাপক দুর্নীতির কারণে হাওরের ফসলডুবির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে বিজন সেন আরও বলেন, এবারের যে লুটপাট হয়েছে, তা ২০১৭ সালকেও ছাড়িয়ে গেছে। সরকারের টাকা সরকারকে ফিরিয়ে দেওয়া হোক। এখানে কোনো বাঁধ হয়নি। পুরোনো বাঁধগুলোকে কিছু সংস্কার করা হয়েছে, যা একটু পাহাড়ি ঢলেই ভেঙে গেছে।

হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমদ প্রমুখ।

এদিকে একই সময়ে সংগঠনে মূল্যায়ন না পাওয়ার অভিযোগ এনে হাওর বাঁচাও আন্দোলনের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবু সুফিয়ান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.