Sylhet Today 24 PRINT

কার্গোতে বালু তোলার সময় চাপা পড়ে মারা গেলেন দুই শ্রমিক

ছাতক প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের ছাতকে কার্গোতে বালু বোঝাই করার সময় বালু চাপায় দু’শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও এক শ্রমিক। আহত শ্রমিককে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেলে ছাতক শহরের সুরমা নদীর তীরবর্তী চৌকিত্তা এলাকায় এ ঘটনা ঘটে।

বালু চাপায় মারা যাওয়া শ্রমিক রুবেল মিয়া (২৬) উপজেলার নেয়ারাই ইউনিয়নের কুমারদানী গ্রামের আলী আমজাদের পুত্র এবং সামছুজ্জামান (১৬) একই ইউনিয়নের কুপিয়া গ্রামের হানিফ আলীর পুত্র।

এ ঘটনায় গুরুতর আহত কুমারদানী গ্রামের জাকির আহমদ(২১)কে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে লেবার সর্দার ছাতক সদর ইউনিয়নের বাউসা গ্রামের বাসিন্দা ইব্রাহিম আলীর হয়ে চৌকিত্তা এলাকায় ডাম্পিং করা একটি বালুর সাইডে অন্যান্যদের সাথে তারা কাজ করছিলেন। একটি জাহাজে বালু লোড করার সময় হঠাৎ উচু বালুর স্তুপটি ধ্বসে পড়ে। এসময় অন্যান্য শ্রমিকরা নিরাপদ দূরত্বে সরে গেলেও বালুর নীচে চাপা পড়েন রুবেল, সামছুজ্জামান ও জাকির। এ পর্যায়ে সহকর্মীরা বালুর নীচ থেকে তাদের উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রুবেল মিয়া ও সামছুজ্জামাকে মৃত ঘোষণা করেন।
 
ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.