গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৯ এপ্রিল, ২০২২
সিলেটের গোলাপগঞ্জে অস্ত্র মামলাসহ ১১ মামলার আসামী জামিল আহমদ (৪৪) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের মৃত হারুনুর রশীদের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রনকেলী উত্তর গ্রামে গোলাপগঞ্জ মডেল থানার এএসআই (নি.) প্রণয় নালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে মাদক সম্রাট জামিল আহমদকে গ্রেপ্তার করেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী জামিলের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।