Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে জমিতে সেচ দেয়া নিয়ে সংঘর্ষ, তরুণ নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে সেচ দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন।

রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সুজাতপুরে এ ঘটনাটি ঘটে। নিহত তরুণ বানিয়াচং গ্রামের সবুর মিয়ার ছেলে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সবুর মিয়া ও গ্রামের কাদির মিয়া যৌথভাবে হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে একটি ভাঙারি মালামালের দোকান দেন। তিন দিন আগে দোকানের হিসাব নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

তিনি জানান, রোববার সকালে সবুর মিয়ার পক্ষের একজন হাওরে বোরো জমিতে সেচ দিতে যান। এ সময় কাদির মিয়ার লোকজন তাকে মারধর করেন। এ খবর সবুর মিয়ার লোকজন জানতে পারলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে টেঁটার আঘাতে ঘটনাস্থলেই মোশাহিদ মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান পলাশ রঞ্জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.