Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

বানিয়াচং প্রতিনিধি  |  ১০ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। এদের মধ্য থেকে গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ১২জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের দোয়াতপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দোয়াতপুর গ্রামের সবুর মিয়ার ছেলে মোশাহিদ মিয়ার সঙ্গে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কাদির মিয়ার পুরাণ মালের (ভাঙারি) ব্যবসা নিয়ে কয়েকদিন পূর্বে ঝগড়া হয়। এর জেরে দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে মোশাহিদ মিয়া নামে এক যুবক নিহত হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত আছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.