Sylhet Today 24 PRINT

নির্বিঘ্নেই শেষ হল প্রথমদিনের পরীক্ষা

২০ দলীয় জোটের হরতালের কারণে দুই দফা পেছানোর পর অবশেষে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিন নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে।

রাইআন কাব্য |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৫

বিএনপি'র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে দুই দফা পেছানোর পর অবশেষে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিন নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। বাংলা প্রথমপত্রের মধ্য দিয়ে সিলেট বোর্ডের মোট ১১৯ টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ।  সিলেট নগরীর কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে পরীক্ষার্থীরা ভালোভাবেই পরীক্ষা দিয়ে বের হন । বাইরে দাঁড়িয়ে থাকা অভিভাবকরা জানিয়েছেন, এ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট যদিও তারপরও থেকে যাচ্ছে শঙ্কা ।
শঙ্কা কাটিয়ে উৎসবমুখর পরিবেশ আনতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান তারা ।  বিশেষ করে পরীক্ষার সময় হরতাল অবরোধ প্রত্যাহার করার জন্য খালেদা জিয়ার প্রতি আবারও আহবান করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে পরীক্ষা শেষে বেরিয়ে আসছেন পরীক্ষার্থীরা । র‍্যাব ও পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন , পরীক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করবেন তারা । এমনকি কোন পরীক্ষার্থী যদি ব্যক্তিগতভাবে অনিরাপদ বোধ করে র‍্যাবের সাথে যোগাযোগ করে সেই পরীক্ষার্থীকে ব্যক্তিগতভাবেও নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছিলেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমদ । স্থানীয় র‍্যাব কর্মকর্তারাও সেই নির্দেশ মেনেই কাজ করবেন বলে জানা গেছে ।

টানা অবরোধের সাথে শুক্র ও শনিবার  সিলেট বিভাগে হরতালও ডেকেছিল জেলা ছাত্রদল কিন্তু সেই হরতালের কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার পাশাপাশি নগরীতে সবধরনের যানবাহন চলাচল করছে । খোলা রয়েছে সিনএনজি পাম্প ।   এদিকে হরতাল-অবরোধে কেন্দ্র পাহারা ঘোষণা দেয়া মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের সকাল বেলা ৩ টি কেন্দ্রের সামনে যেতে দেখা যায় । তবে তাদের কর্মসূচি খুব বেশি সময় স্থায়ী ছিলো না ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.