Sylhet Today 24 PRINT

সিলেটে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২২

সিলেটসহ ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, সিলেটসহ রংপুর, ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিরও শঙ্কা রয়েছে। এছাড়া ঢাকায় ২৪ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সৈয়দপুরে ৫৮ মিলিমিটার। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৫, কুড়িগ্রামের রাজারহাটে ৩০, নীলফামারীর ডিমলায় ২৪, রংপুরে ১৭, নেত্রকোনায় ১৪, দিনাজপুরে ১২, সিলেটে ১০, পঞ্চগড়ের তেতুলিয়ায় ৭ মিলিমিটার এবং ময়মনসিংহে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৩ দশমিক ৮, ময়মনসিংহে ৩০ দশমিক ৫, চট্টগ্রামে ৩৩ দশমিক ৭, সিলেটে ৩০ দশমিক ৪, রংপুরে ২৬ দশমিক ৩৮, খুলনায় ৩৪ দশমিক ২ এবং বরিশালে আজ ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

একই সাথে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩ থেকে ৪৩ মিলিমিটার) থেকে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.