Sylhet Today 24 PRINT

সিলেটে পল্লী চিকিৎসক নিহতের ঘটনায় মামলা

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২২

সিলেট শহরতলীর খাদিম নগরের সাহেবের বাজারের বাজারতল গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মো. নিজাম উদ্দিন (৪৫) নামে পল্লী চিকিৎসক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১১ এপ্রিল) রাতে নিহতের ভাই আকরাম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সোমাবার (১১ এপ্রিল) দুপুরে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির মামলার সত্যতা নিশ্চিত করেন জানান, মামলায় আসামি হিসেবে ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও কয়েকজনকে।

এরে আগে গত শনিবার শনিবার (৯ এপ্রিল) সকালে সিলেট সদর উপজেলার সাহেবের বাজারে বাজার তল গ্রামে পল্লী চিকিৎসক নিহতের ঘটনা ঘটে। নিজাম ওই গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সাহেবের বাজার এলাকার সাতগাছি গ্রামের রাস্তা সংলগ্ন জমি নিয়ে নিজাম ও নয়ন মিয়ার লোকজনের বিরোধ চলে আসছিল। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী দু’পক্ষই ওই জমি চাষাবাদ থেকে বিরত থাকবেন। আর সালিশকারীরা নিজেদের মানুষ দিয়ে বিরোধপূর্ণ জমি চাষাবাদ করান। তাদের ভাষ্য মতে, বিচারে জমির মালিকানা যে পাবে, তারা ফসল নেবেন।

এ অবস্থায় শনিবার সকালে অর্ধ শতাধিক লোক নিয়ে নয়ন মিয়া পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটতে গেলে পল্লী চিকিৎসক আকরাম উদ্দিন ও তার ভাই পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন তার আত্মীয়-স্বজনদের নিয়ে ধান কাটতে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন নিজাম উদ্দিনের মাথায় ধারালো অস্ত্র নিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.