Sylhet Today 24 PRINT

ঈদে খোলা থাকবে শাবিপ্রবির হল

শাবিপ্রবি প্রতিনিধি: |  ১২ এপ্রিল, ২০২২

ঈদুল ফিতরসহ বিভিন্ন দিবস উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হলসমূহ খোলা থাকবে।

মঙ্গলবার (১২ এপ্রিল ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলা নববর্ষ উপলক্ষ্যে আগামী ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) ও ইস্টার সানডে উপলক্ষ্যে ১৭ এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও ক্লাস বন্ধ থাকবে। একইসাথে পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষ্যে ১৮ এপ্রিল (সোমবার) থেকে ১০ মে (মঙ্গলবার) পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এসময় আবাসিক হলসমূহ খোলা রাখবো এবং একই সাথে হলের খাবারসহ সমস্ত সুবিধা চালু থাকবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ও ইস্টার সানডে উপলক্ষ্যে রোববার (১৭ এপ্রিল)বিশ্ববিদ্যালয়ের সকল অফিসিয়াল কার্যক্রম ও ক্লাস বন্ধ থাকবে। একইসাথে পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষ্যে সোমবার (১৮ এপ্রিল) থেকে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়া বুধবার (২০ এপ্রিল) থেকে মঙ্গলবার (১০ মে) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে বলে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.