জুড়ী প্রতিনিধি | ১৪ এপ্রিল, ২০২২
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বর্ণিল আয়োজনে বাংলা শুভ নববর্ষ ১৪২৯ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে নানান সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার নেতৃত্বে উপজেলা প্রাঙ্গণ থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু প্রমুখ।
এছাড়া ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ দিনটি উদযাপন করা হয়। জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদের নেতৃত্বে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা বের করে। মানিক সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নানান সাজে সেজে দিনটি উদযাপন করে।