নিজস্ব প্রতিবেদক | ১৬ এপ্রিল, ২০২২
সিলেটের দক্ষিণ সুরমায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে গোটাটিকর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শিবলু আহমদ (২৫)। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিবলু আহমদ সিলেটে থাকতেন এবং শ্রমিকের কাজ করতেন। বেলা ১১টার দিকে গোটাটিকর এলাকায় বিদ্যুতের লাইনের উপর থাকা গাছের ডাল কাটতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ওসি আরও বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ, বিদ্যুৎ বিভাগের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিবলুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য শিবলুর দেহ ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।