Sylhet Today 24 PRINT

এমসি কলেজের মাঠ রক্ষায় শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১৬ এপ্রিল, ২০২২

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এম.সি) কলেজের মাঠ রক্ষার্থে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় এমসি ছাত্রাবাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের সময় মেয়র আরিফুল হক চৌধুরীর গাড়ি আটকে দেয় শিক্ষার্থীরা। পরে মেয়র আরিফ গাড়ি থেকে নেমে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এমসি কলেজ মাঠকে দখলমুক্ত করতে মেয়র আরিফও প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মাঠ রক্ষার্থে আমরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, শিক্ষামন্ত্রণালয়, মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তরে এমসি কলেজের মাঠ রক্ষার জন্য স্মারকলিপি দিয়েছি।

আমাদের শিক্ষক সহ শিক্ষার্থীদের আজ ক্লাসে থাকার কথা, কিন্তু একটি কুচক্রী মহলের হাত থেকে অত্র কলেজের মাঠকে রক্ষা করতে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। এটা কোন ব্যক্তির মালিকানাধীন জায়গা নয়, এটা সরকারি জায়গা। অত্র কলেজ থেকে অনেকে শিক্ষা গ্রহণ করে সরকারি উচ্চপদস্থ জায়গায় কাজ করেছেন এবং করছেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও অত্র কলেজের পড়াশোনা করেছেন।

বক্তারা বলেন, মানুষের যাতায়াতের সুবিধার জন্য এমনিতেই রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু রাতের আঁধারে মাঠের সীমান্র ভেতরে এসে ড্রেন করার নামে বিরাট খাল খনন করে ফেলেন। প্রায় ১০ ফুট প্রস্থ এবং ৫৯৪ ফুট দৈর্ঘ্য খাল খনন করেছেন তারা।

অনতিবিলম্বে এর কোন সমাধান না হলে এমসি কলেজের শিক্ষার্থীরাসহ সিলেটের সর্বস্তরের মানুষকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজন হলে আমরা উচ্চ আদালতে যেতে রাজি আছি।

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাদিকুর রহমান, আহমেহ শিহাব খান, রুকন, তাহিন, ইমরান, সায়েম, সাব্বির, শুভ, সৌরভ কর, আপন, পল্লবী দাস মৌ, রিয়াদ, মিরাজ ও জহিরুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.