Sylhet Today 24 PRINT

কৃষকের ধান কাটা উৎসবে শামিল জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা

বড়লেখা প্রতিনিধি: |  ১৬ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের হাকালুকি হাওরের বড়লেখা এলাকায় গত এক সপ্তাহ ধরে বোরো ধান কাটা চলছে। বৈরী আবহাওয়ার আশঙ্খায় দ্রুত পাকা ধান (৮০ শতাংশ পাকা) কাটার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে প্রচারণাও চালানো হচ্ছে।

শনিবার (১৬ এপ্রিল) কৃষকদের ধান কাটায় উৎসাহ দিতে বোরো ধান কাটা উৎসবের আয়োজন করে কৃষি বিভাগ। কৃষকের ধান কাটার এ উৎসবে শামিল হয়েছেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষক ও সাংবাদিক।

দুপুরে হাকালুকি হাওরের বড়লেখার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় কৃষক বদরুল ইসলামের জমিতে ধান কাটা উৎসব হয়।

এই উৎসবে কৃষকের সঙ্গে ধান কাটেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সাংবাদিক আব্দুর রব, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ, কৃষক বদরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য জাফর হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বড়লেখায় এ মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৯০০ হেক্টর। বোরো ধানের চাষ হয়েছে ৫ হাজার ৪০ হেক্টর জমিতে। শনিবার পর্যন্ত প্রায় ২২ শতাংশ পাকা ধান কাটা হয়ে গেছে।

বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার বলেন, ‘সার্বিক অবস্থা এখনো ভালো। ফলন ভালো হয়েছে। বৈরী আবহাওয়ার আশঙ্খায় ধান ৮০ শতাংশ পেকে গেলে দ্রুত কাটার জন্য কৃষকদের মাঝে প্রচারণা চালানো হচ্ছে। ধান কাটতে কৃষকদের উৎসাহ দিতে শনিবার হাকালুকি হাওর এলাকায় ধান কাটা উৎসব করেছি। কৃষকের সাথে জমিতে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসি, ভাইস চেয়ারম্যান, রাজনীতিকেরা ধান কেটেছেন। এতে কৃষকেরা খুশি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.