Sylhet Today 24 PRINT

মাধবপুরে স্বপ্নের ঘরের চাবি পেয়ে খুশি সুফিয়া

মাধবপুর প্রতিনিধি: |  ১৬ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের মাধবপুরের সন্তোষপুর গ্রামের গৃহহীন হতদরিদ্র সুফিয়া বেগমের স্বপ্নের ঘরের চাবি পেয়েছেন। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে শুক্রবার বিকেলে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর কাছ থেকে পুলিশের দেওয়া ঘরের চাবি গ্রহণ করেছেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগ নেতা সৈয়দ ইমরুল হোসাইন রাসেলের দানকৃত দেড় শতক জায়গায় ঘরটি নির্মাণ করে দেয় বাংলাদেশ পুলিশ।

জানা যায়, মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের সহায় সম্বলহীন বিধবা সুফিয়া বেগম তার প্রতিবন্ধী ছেলে জামিলকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে রাত কাটানোর জায়গা পেত। ছেলে প্রতিবন্ধী হওয়ায় অনেকেই থাকার জায়গা দেয়নি, কাজেও নিতনা। মানবেতর দিন কাটতো তাদের। আগামী দিনে কে দেখবে তার ছেলেকে? কোথায় থাকবে প্রতিবন্ধী ছেলেটি? এ সব ভেবে ভেবে রাতে ঘুমাতে পারেনি সুফিয়া বেগম। স্বপ্ন দেখতেন একটি নিরাপদ আশ্রয়ের। একটি ঘরের। এ সময় মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক খুঁজে পেলেন তাকে। চারাভাঙ্গা গ্রামের সাহেব বাড়ির সন্তান সৈয়দ ইমরুল হোসাইন রাসেলকে জমি দানের জন্য প্রস্তাব দেন। রাসেলের দানকৃত জমিতে পুলিশ হেডকোয়াটাসের্র তত্বাবধানে নির্মাণ করা হয় ঘর। এ ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে সুফিয়া বেগমকে।

পুলিশের তদারকিতে নির্মিত আধুনিক সুবিধা সম্বলিত ঘর পেয়ে আনন্দে কেঁদে কেঁদে সুফিয়া বলেন, এখন মরে গেলেও আর দুঃখ নেই। প্রতিবন্ধী ছেলেটি এখন ঘরে থাকতে পারবে। মানুষের বাড়িতে কাজে গেলে ছেলেকে সাথে নিতে হবে না। শুনতে হবেনা মানুষের ভৎর্সনা।

সৈয়দ রাসেলের দানকৃত জায়গায় বাংলাদেশ পুলিশের নির্মিত দুই কক্ষ বিশিষ্ট ঘরটিতে এখন সুফিয়ার অনেক স্বপ্ন। একদিন ঘরে ছেলের বউ আনার ও স্বপ্ন দেখছেন সুফিয়া বেগম।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে পুলিশের নির্মিত ঘরের উদ্বোধন করেন। ১৫ এপ্রিল শুক্রবার বিকেলে সুফিয়ার হাতে ঘরের চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদ, ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খান, জমি দাতা সৈয়দ ইমরুল হোসাইন রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.