সিলেটটুডে ডেস্ক | ১৭ এপ্রিল, ২০২২
ব্যারিস্টার এম এনামুল কবির ইমন
কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাকের মতবিনিময় অনুষ্ঠানে সামনের সারিতে নিজের জন্যে কোন ‘চেয়ার না দেখে’ অনুষ্ঠান ত্যাগ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরতলির বাহাদরপুরে ধান কাটা উদ্বোধন শেষে কৃষকদের নিয়ে মতবিনিময় সভায় এমন ঘটনা ঘটে।
এই সময় মঞ্চে থাকা চেয়ারে মন্ত্রী, পাঁচ জন সংসদ সদস্য, কৃষি সচিব, কৃষি বিভাগের ডিজি, জেলা প্রশাসক ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র বসার পর আর কোনো চেয়ার সামনের সারিতে ছিল না। এক পর্যায়ে ব্যারিস্টার ইমন অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। তার সঙ্গে দলের আরও কিছু দায়িত্বশীল নেতাও অনুষ্ঠানস্থল ছাড়েন। অনুষ্ঠানস্থলে উপস্থিত অনেকেই বলেছেন, যথাযথ মূল্যায়ন না করায় ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল থেকে চলে আসেন দলের এই নেতা।
জানা যায়, শনিবার সকাল থেকে কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঙ্গে দিরাইয়ের চাপতির হাওরের ভেঙে যাওয়া বৈশাখী বাঁধ, বরাম হাওরের তুফানখালী বাঁধ পরিদর্শনে সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। পরে দুপুরে মন্ত্রীর সেই মতবিনিময় সভায় তিনি উপস্থিত থেকেও নিজের জন্যে কোন চেয়ার না থাকায় ফিরে যান।
এম এনামুল কবির ইমন অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময়ে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল উচ্চস্বরে বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চেয়ার নেই কেন?’
পরে আয়োজকদের পক্ষ থেকে চেয়ারের ব্যবস্থা করে সাধারণ সম্পাদককে আসার জন্য অনুরোধ করা হয়। এর মধ্যেই ব্যারিস্টার ইমন অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এই অনুষ্ঠানের পর সার্কিট হাউসের ইফতার অনুষ্ঠানে আবার তিনি যোগ দেন তিনি।
জেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, কৃষকদের নিয়ে বড় একটি অনুষ্ঠানে দলের নেতার জন্য চেয়ার না থাকলে দলের প্রতিনিধিত্ব হয় কীভাবে, এজন্য তিনি চলে এসেছেন।
এ বিষয়ে জানতে ব্যারিস্টার ইমনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন বললেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভোর থেকে মন্ত্রীর প্রোগ্রাম সফল করার কাজে ব্যস্ত ছিলেন। দুপুর আড়াইটায় তার মাথা ব্যাথা শুরু হওয়ায় তিনি কিছু সময় বিশ্রাম নিয়ে আবার ইফতার পার্টিতে যোগ দেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, আমাদের সম্মানিত অতিথিদের হিসাব অনুযায়ী একটি চেয়ার মঞ্চে কম ছিল। আমরা দ্রুত আরেকটি চেয়ার তুলে ব্যারিস্টার ইমনকে আনার জন্য কর্মকর্তাদের পাঠালেও ততক্ষণে তিনি চলে যান।