নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার | ১৭ এপ্রিল, ২০২২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ইস্টার সানডে উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আন্তমান্ডলিক সূর্যোদয় সমবেত প্রার্থনা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার (১৭ এপ্রিল) ভোর ৬টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জ উপজেলার ৫ শতাধিক খ্রিস্টধর্মাবলম্বীরা উপস্থিত থেকে ইস্টার সানডের অনুষ্ঠান মালায় অংশ নেন।
শ্রীমঙ্গল পুনরুত্থান সূর্যোদয় আন্তমান্ডলীক উপাসনা কার্যকরী কমিটির সভাপতি ফাদার নিকোলাস বাড়ৈ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপ (বিবিসিএফ) এর জ্যেষ্ঠ পালক রেভা.জন ব্রাইট গাজী, পালক রেভা. এবরিসন পতাম, পুনরুত্থান সূর্যোদয় আন্তমান্ডলীক উপাসনা কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ম্যাথিও রয়, সিলেট প্রেসবিটারিয়ান সিনডেরসহ সাধারণ সম্পাদক ফিলা পতমী প্রমুখ।
এ সময় ধর্মীয় সংগীত পরিবেশন করেন কালেঞ্জি খাসিয়া পুঞ্জি প্রেসবিটারিয়ান মণ্ডলীর সদস্যরা।
পুনরুত্থান সূর্যোদয় আন্তমান্ডলীক উপাসনা কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ম্যাথিও রয় বলেন, আজকের এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। বাংলাদেশসহ বিশ্বের সকল স্থানে খ্রিস্টধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় মর্যাদায় ইস্টার সানডে পালন করছেন। শ্রীমঙ্গল উপজেলায় এবার প্রথম বারের মতো আমরা বড় আয়োজন করেছি। এখানে ক্যাথলিক, ব্যাপ্টিস্ট, প্রেসবিটারিয়ান, ন্যাজরিন মিশন সহ সকল খ্রিস্টধর্মাবলম্বীরা প্রার্থনায় অংশ নিয়েছেন। আমরা বিশ্বের সকলের জন্য প্রার্থনা করেছি। আমরা যেন সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে সবাই মিলে সুন্দরভাবে বসবাস করতে পারি। প্রভু যিশু যেন সকলের মঙ্গল করেন এই প্রার্থনা করেন।