নিজস্ব প্রতিবেদক | ১৭ এপ্রিল, ২০২২
নিখোঁজ এম ইলিয়াস আলী
বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ নিখোঁজ এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় দ্রুত ফেরত দেয়ার দাবি জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।
রোববার (১৭ এপ্রিল) বিকেলে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেটের হলরুমে ইলিয়াস আলী নিখোঁজের ১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনাসভায় নেতৃবৃন্দ এ দাবি জানান।
মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইউম জালালি পংকির সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় সভায় বক্তারা বলেন, সিলেটকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইলিয়াস আলীকে গুম করেছে সরকার।
একইভাবে সিলেটের সাবেক ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আলীকেও গুম করা হয়েছে। বর্তমান সরকারকে এর চরম খেসারত দিতে হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
শুধু ইলিয়াস আলীই নয়, গত ১৩ বছরে এই সরকারের শাসনামলে দেশে ৬০০ এর অধিক মানুষকে গুম করা হয়েছে উল্লেখ করে নেতৃবৃন্দ ইলিয়াস আলীসহ 'গুম' হওয়া সকল নেতাকর্মীকে অক্ষত অবস্থায় ফেরত দেয়ার দাবি জানান।
আলোচনা সভায়, মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।