Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে আগুন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ১৮ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে৷

সোমবার (১৮ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের খাঁন টাওয়ারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ ওই টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত চা নিলাম কেন্দ্রে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস৷

অগ্নিকান্ডে  পুড়ে গেছে ভবনের ভেতরের চারটি এসিসহ কম্পিউটার ও জরুরী কাগজপত্র। খবর পেয়ে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও চা নিলাম কেন্দ্রের কর্মকর্তারা জানান, সোমবার ( ১৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে মৌলভীবাজারর জেলার শ্রীমঙ্গলের অবস্থিত দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় জাতীয় চা নিলাম কেন্দ্র ও টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স কর্পোরেশন অব বাংলাদেশের অফিসে তাদের একটি সভা চলছিল।

সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের শ্রীমঙ্গলের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় অফিসের চারটি এসিসহ কম্পিউটার ও জরুরী কাগজপত্র পুড়ে যায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পুরো ভবনটি।

পেছনে যাওয়ার রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা আরেকটি টিন শেডের ঘরের উপর দিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়।

টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর তরপদার জানান, ২৭ এপ্রিল এ বছরের প্রথম চা নিলামের জন্য কর্মপরিকল্পনা করতে তারা সভায় বসেছিলেন। এসময় হঠাৎ করে এসিতে আগুন ধরে যায়।

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে। চারটি এসি ও কম্পিউটার পুড়ে গেছে। এছাড়াও আসবাবপত্রসহ সারা ঘর ধোয়ায় কালো হয়ে গেছে বলেও জানান তিনি।

শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল কাদির জানান, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.