Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিষপান করে গৃহবধূর আত্মহত্যা

বড়লেখা প্রতিনিধি: |  ১৯ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় বিষপান করে লতিফা বেগম (৩৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির শুয়ারারতল এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত লতিফা দক্ষিণ শাহবাজপুর ইউপির শুয়ারারতল এলাকার হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, সোমবার (১৮ এপ্রিল) সকালে লতিফা বেগম বাড়িতে বিষপান করেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লতিফা মারা যান। পারিবারিক কলহের জেরে লতিফা বিষপান করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুক মিয়া সোমবার রাতে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের আঘতের কোনো চিহ্ন মেলেনি। লতিফার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.