Sylhet Today 24 PRINT

জিন্দাবাজারে ক্রেতার সাথে বাটা’র প্রতারণা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক: |  ১৯ এপ্রিল, ২০২২

সিলেটে কাস্টমারের সঙ্গে প্রতারণা করছে জুতার শো-রুম বাটা। এ অপরাধে নগরীর জিন্দাবাজারস্থ লন্ডন ম্যানশনের বাটার শো-রুমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় পরিচালিত অভিযানে তাদের এই জরিমানা করা হয়।

জানা যায়, জিন্দাবাজারস্থ লন্ডন ম্যানশনের নিচতলার বাটার শো-রুমে বেশিরভাগ জুতার মধ্যে কোম্পানি নির্ধারিত দাম উল্লেখ নেই। এছাড়াও অনেক জুতায় দোকানের পক্ষ থেকে টেম্পারিং করে নিজেদের মতো করে দামের স্টিকার বসিয়ে দুই-দিন গুণ অতিরিক্ত মূল্যে কাস্টমারদের কাছে বিক্রি করা হচ্ছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে বিষয়টি হাতে-নাতে ধরে ফেলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের অভিযানিক দল। এ সময় ওই দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

অভিযানের পর মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, এই দোকানে অভিযানকালে সংশ্লিষ্টরা জুতার দাম বেড়েছে দাবি করলেও পণ্য ক্রয়ের তালিকা দেখাতে পারেননি। অনেক জুতায় দামের ট্যাগ দেওয়া নেই। অনেক জুতায় তারা নিজেদের মতো করে দামের স্টিকার মেরে কাস্টমারদের সঙ্গে প্রতারণা করছেন। এতে ভোক্তা অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। তাই এ দোকানে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এমন অপরাধ সংঘটিত হলে আরও বেশি জরিমানা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.