Sylhet Today 24 PRINT

নগরে অতিরিক্ত দামে ফল বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২০ এপ্রিল, ২০২২

সিলেটে অতিরিক্ত দামে ফল বিক্রিসহ বিভিন্ন অপরাধে জরিমানা গুনতে হল নগরের ৫ ফল ব্যবসা প্রতিষ্ঠানকে। বুধবার (২০ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১২ হাজার ৫শ টাকা জরিমানা গুনে সিলেটের কদমতলী ফলের আড়তের ৫ ব্যবসা প্রতিষ্ঠান।

ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল, ইত্যাদি ফল ভাণ্ডার, বাসিত মিয়া ফলের দোকান, তানিসা এন্টারপ্রাইজ, মেসার্স হোসেন এন্টারপ্রাইজ ও ঈশা ফল ভাণ্ডার।

পবিত্র মাহে রমজানে অতিরিক্ত মূল্যে ফল বিক্রয় বন্ধে সকালে কদমতলী ফলের আড়তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে খেজুর ও আপেল বিক্রির অপরাধে ইত্যাদি ফল ভাণ্ডারকে ৪ হাজার টাকা, অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অপরাধে বাসিত মিয়া ফলের দোকানকে ৫ শত টাকা, মূল্য তালিকা না রাখা ও পচা খেজুর বিক্রির অপরাধে তানিসা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা ও মূল্য তালিকা না রাখার কারণে মেসার্স হোসেন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং হিমু এন্ড ঈশা ফলভাণ্ডারকে আরও ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতায় ছিলেন র‍্যাব–৯ এর একটি টিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.