Sylhet Today 24 PRINT

বাটা ও স্বপ্নকে ৭০ হাজার টাকা জরিমানা

পুরাতন ট্যাগের উপর উচ্চমূল্যের নতুন ট্যাগ

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০২২

হবিগঞ্জে পুরাতন ট্যাগের উপর উচ্চমূল্যের নতুন ট্যাগ ব্যবহারের দায়ে বাটা ও স্বপ্ন সুপার শপসহ তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে শহরের কালীবাড়ি রোডের বাটা শো-রুমে অভিযান চালানো হয়।

অভিযানের খবরে অনেক জুতার ট্যাগ ছিড়ে ফেলেন শো-রুমের কর্মচারীরা। তারপরও বেশ কিছু জুতায় কম মূল্যের পুরাতন ট্যাগের উপর উচ্চমূল্যের নতুন ট্যাগ দেখতে পান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। এ কারণে বাটা’কে ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

পরে অভিযান চালানো হয় এই সড়কের স্বপ্ন সুপার শপে। সেখানেও মিলে পুরাতন ট্যাগের উপর উচ্চমূল্যের নতুন ট্যাগ। স্বপ্নকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা।

ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি দেয়া হয়।

পরে মসকো সুজে অভিযান চালিয়ে অতিরিক্ত মুনাফা’র জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা বলেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আমরা প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যবস্থা নিচ্ছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.