Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বাসের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাসচাপায় সায়েজ উদ্দিন (৪২) নামের এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।

বুধবার ভোর ৫টার দিকে জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রসুলপুর নামক স্থানে ঘটনাটি ঘটে।

সায়েজ উদ্দিন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সায়েজ উদ্দিন নিজ জমি থেকে পাকা টমেটো নিয়ে স্থানীয় ইনাতগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় উঠতে গেলে ঢাকা থেকে জগন্নাথপুরগামী আল-মোবারাকা বাসটি তাকে ধাক্কা দিয়ে ডান পায়ের ওপর চাপা দিয়ে চলে যায়। পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারসহ বাসটি জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি থানায় আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.