বানিয়াচং প্রতিনিধি | ২২ এপ্রিল, ২০২২
বানিয়াচংয়ে বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ কামাল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, টাকা আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২১এপ্রিল) বিদ্যালয় এডহক কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সুত্র জানায়, অধ্যক্ষ কামাল হোসেন বিদ্যালয়ে অনুপস্থিত থাকা, বিগত বছরের অডিটকৃত হিসাব না দেয়া, টাকা আত্মসাত, নিয়োগ কেলেঙ্কারি ও নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত থাকার কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত ও কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় এডহক কমিটির এ সভায় কামাল হোসেনকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে অধ্যক্ষ কামাল হোসেনের বিরুদ্ধে ফরম পূরণ, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্তি টাকা আদায়, এমপিও আবেদন বাবদ উক্ত বিদ্যালয়ের (নৈশ প্রহরী) জাহেদ হাসান জয়ের কাছ থেকে টাকা নেয়া, বিদ্যালয়ের আয়া রুবনা বেগমের কাছ থেকে টাকা নেয়াসহ বিভিন্ন মহল থেকে টাকা নেয়ার অভিযোগ উঠে। অধ্যক্ষ কামাল হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন বলে জানিয়েছে এডহক কমিটির সদস্যরা।
সভায় বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আলা উদ্দিন চৌধুরী, সদস্য ছালিক মিয়া, হামিদুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।