Sylhet Today 24 PRINT

বিমানবন্দর সড়কে ট্রাক চাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ এপ্রিল, ২০২২

সিলেটের বিমানবন্দর সড়কে দ্রুতগতির ট্রাকের চাপায় নূরজাহান বেগম বেবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) রাত আনুমানিক একটার দিকে আম্বরখানা জামে মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

আজ শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহত নূরজাহান নগরের গোয়াইপাড়া এলাকার ফারুক মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে আম্বরখানা পয়েন্টস্থ আম্বরখানা জামে মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুত ও বেপরোয়া গতির একটি ট্রাক নূরজাহান বেগম বেবিকে চাপা দিকে তিনি  মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান এবং ঘটনাস্থলে উপস্থিতরা ট্রাক চালক ও ট্রাকটিকে আটক করে।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয় ও উপস্থিতরা ট্রাক চালক ও ঘাতক ট্রাকটিকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এদিকে রাত আনুমানিক আড়াইটার দিনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নূরজাহান বেগম মারা যান।

পরে নিহত নূরজাহান বেগমের মেয়ে রোজিয়া আক্তার বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার মামলা (নং-২৩) দায়ের করেন। মামলাটি তদন্তাধীন আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.