Sylhet Today 24 PRINT

বই দিবসে ইনোভেটর এর পোস্টার \'আমার সন্তান যেন থাকে বই হাতে\' উন্মোচন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০২২

'আমার সন্তান যেন থাকে বই হাতে'-  আহবান জানিয়ে পোস্টার প্রকাশের এর মাধ্যমে বিশ্ব বই দিবস উদযাপন করেছে বই পড়ুয়াদের সংগঠন 'ইনোভেটর'।
 
শনিবার ২৩ এপ্রিল দুপুরে বই দিবস উপলক্ষ্যে প্রকাশিত এ পোস্টার এর আনুষ্ঠানিক উন্মোচন হয়। নগরীর জিন্দাবাজারস্থ বই বিপনী কেন্দ্র বাতিঘর মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তারা বলেন, বইয়ের চেয়ে বড়ো বন্ধু আর কেউ নেই। তাই প্রত্যেক মা বাবার উচিত শিশুকাল থেকে সন্তানদের বিচিত্র জ্ঞান সংবলিত বইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়া।

তারা বলেন, শুধুমাত্র শারীরিক বিকাশের দিকে যত্ন নিলে হবে না,একই সাথে শিশু-কিশোরদের মনোজাগতিক বিকাশের কথাও আমাদের ভাবতে হবে। এর জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি 'আউট বইয়ের' প্রতি সন্তানদের আগ্রহী করে তুলতে হবে। বক্তারা বলেন, একজন আদর্শ,মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসাবে সন্তানদের গড়ে তুলতে হলে বইয়ের কোনো বিকল্প নেই। আর এ চর্চা পরিবার থেকেই শুরু করতে হবে। জন্মদিনে বাচ্চাদের খেলনার সাথে বই উপহার দেয়ার অভ্যাস করতে হবে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী। ইনোভেটর এর মুখ্য সঞ্চালক, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব।

ইনোভেটর এর সমন্বয়ক আশরাফুল ইসলাম অনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ,সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় পরিষদ এর সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নিরঞ্জন দে যাদু, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়, লেখক পার্থ তালুকদার, ইনোভেটর এর প্রধান সমন্বয়ক প্রভাষক সুমন রায়, সদস্য নিহাম মতিন প্রমুখ। বই দিবস উপলক্ষ্যে প্রকাশিত এ পোস্টারে শিশু - কিশোরদের পাঠ উপযোগী ১০০ টি গ্রন্থের তালিকা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.