Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের সংঘর্ষের ঘটনায় আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৩ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত মাছুম মিয়া (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত যুবক পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রামের নুর মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাছুম মিয়া ও তার চাচাতো ভাই হাসান আহমেদের (২৪) পরিবারের মধ্যে মনোমানিল্য চলছিল। দুই পরিবারের মধ্যে ফের বিবাদ শুরু হলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় মাছুম মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার ভোরে সেখানে মাছুম মিয়ার মৃত্যু হয়।

শনিবার নিহত মাছুমের মা রিনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক আব্দুল সত্তার অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন নিহত মাছুম মিয়ার দাদা মনোফর আলী (৭০), চাচী সাহেদা বেগম (২৭), চাচাতো ভাই হোসাইন মিয়া (২০), হাসান মিয়া (২০)।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যুবকের মৃত্যুতে থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.