Sylhet Today 24 PRINT

নগরীর অবৈধ মাইক্রো স্ট্যান্ড উচ্ছেদ বন্ধের দাবি পরিবহন শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক |  ১২ ডিসেম্বর, ২০১৫

সিলেট নগরীর অবৈধ মাইক্রো স্ট্যান্ডগুলো উচ্ছেদ উদ্যোগের কারণে বেঁকে বসেছেন শ্রমিকরা। তারা ৬ দফা দাবি তুলে ধরেছেন প্রশাসনের কাছে। ফলে উচ্ছেদ অভিযান করতে পারছে না মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। পুলিশী হয়রানী বন্ধসহ দাবি না মানলে মহাসমাবেশ করে কর্মসূচি ঘোষণা করার কথা জানান শ্রমিক নেতারা।

শনিবার দক্ষিণ সুরমায় সিলেট জেলা সড়ক পরিবহন ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৬ দফা দাবিসহ শ্রমিকদের অবস্থান তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে নগরীর ভিআইপি সড়ক চৌহাট্টা স্ট্যান্ডসহ অন্যান্য স্ট্যান্ডগুলো বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত ব্হাল রাখা, যখন তখন গাড়ি রিকুজিশন বন্ধ, সরকারি কাজে গাড়ি ব্যবহারের সময় জ্বালানী ও চালকের খরচ বহন, চালকদের হয়রানীকারী ট্রাফিক কর্মকর্তাদের অপসারণ, হাইওয়ে পুলিশের মামলা দিয়ে হয়রানী বন্ধ ও সিলেটের প্রতিটি সেতু থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন জানান, সিলেট জেলায় ৫০ হাজার পরিবহণ শ্রমিক রয়েছে। নগরীর বিভিন্ন মাইক্রোবাস স্ট্যান্ডে ১২ হাজার শ্রমিক জড়িত। সম্প্রতি পুলিশ শ্রমিকদের নানাভাবে হয়রানী শুরু করেছে। নগরীর স্ট্যান্ডগুলো উচ্ছেদের পায়তারা করা হচ্ছে। আগামী ১ সপ্তাহের মধ্যে ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে মহাসমাবেশ ঢেকে আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সেলিম আহমদ ফলিক, কার্যকরি সভাপতি তেরা মিয়া, সহ সভাপতি শাহ জামাল, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, মইনুল ইসলাম ময়না, আবুল হাসনাত প্রমুখ বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.