Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে জমে উঠেছে ঈদের বাজার

শঙ্কর শীল, চুনারুঘাট |  ২৬ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে ঈদের বাজার জমে উঠেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জেলা শহরের দোকানপাট খোলা থাকছে। পৌরশহরে জনতা বস্ত্রালয়, শ্রীকৃষ্ণ বস্ত্র বিতান, শ্রুতি ফ্যাশন, নিউ ফ্যাশন, গীতা ফ্যাশন এন্ড বেবি শপসহ বিভিন্ন বিপণি বিতান, মার্কেটে ও বাজারে ইফতারের পর ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

শ্রীকৃষ্ণ বস্ত্র বিতানের প্রোপ্রাইটর নিশিকান্ত শীল জানান, করোনার কারণে দুই বছর ঈদে কেনাবেচা তেমন হয়নি। কিন্তু এবার রমজানের শুরু থেকেই বিক্রি বেড়েছে। আশা করছি, এই ঈদে বেচা-বিক্রি অনেক ভালো হবে।

পৌরশহরে মধ্যবাজারে নিরঞ্জন সিটির শ্রুতি ফ্যাশনে ঈদের পোশাক কিনতে আসা জাহানারা ফেরদৌসি বলেন, করোনায় গত দুই বছরে ঈদ তেমন ভালো কাটেনি। শেষদিকে অনেক ভিড় হয়। তাই ভিড় এড়াতে আগেই কেনাকাটা শেষ করতে চাই।

এ বছর ঈদ বাজারে দেশি সুতি থ্রি-পিসের সঙ্গে ভারতীয় অরগেনজা, মেঘা, চান্দ্রিয়া, জয়পুরি ও পাকিস্তানি সারারা গারারা বেশি বিক্রি হচ্ছে। এছাড়া আছে কাতান, বাড়িস, কারচুপি, বালাহার, মটকা, কাশ্মীর কাতান ও কাঁচা বাদাম থ্রি-পিসের প্রচুর চাহিদা। শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে খাড্ডি বেনারসি, চেন্নাই সিল্ক, নতুন কানজিবরণ, বুটিক, ক্রেপসি, মন্দানি, জামদানি ও মহারাষ্ট্র। এছাড়া লেহেঙ্গার চাহিদাও বেড়েছে বেশ। তবে গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের সামর্থ্যের মধ্যেই বেচাকেনা চলছে।

এদিকে বাল্লা রোডে শ্রীকৃষ্ণ বস্ত্র বিতানে আসা মো. মোজাম্মেল হোসেন নামের আরেক ক্রেতা বলেন, অন্য বছরের তুলনায় এ বছর ঈদে সব জিনিসপত্রের দাম বেশি। তাই সাধ্যের মধ্যেই পরিবারের সকলের জন্য ঈদের নতুন পোশাক কিনে নিচ্ছি।

চুনারুঘাট  থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, জনগণের জানমাল রক্ষায় সব সময় সতর্ক আছি। ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন বিপণি বিতান, দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল দিচ্ছে। এছাড়া যানজট নিরসনেও বিভিন্ন পয়েন্টে কাজ করছে ট্রাফিক বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.