Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের ৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৬ এপ্রিল, ২০২২

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও ক্রেতাদের ওজনে কম দেওয়ার অপরাধে হবিগঞ্জের পাঁচটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার হবিগঞ্জ শহর, মাধবপুর উপজেলা ও শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

র‌্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ্‌র নেতৃত্বে হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হবিগঞ্জ শহরের আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের রূপক চন্দ্র দাসকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারের কৃষ্ণ চন্দ্র মোদককে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া মাধবপুর উপজেলা সদরে জগদীশপুর ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ায় কাজী জোবায়েদ হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, আল আমিন সিএনজি ফিলিং স্টেশনের মো. তাজ্জলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, শায়েস্তাগঞ্জের মেসার্স মা ফিলিং স্টেশনের মো. কদর আলীকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.